কোস্টগার্ডের অভিযানে ৮ জেলে উদ্ধার
মেঘনা নদী থেকে নৌকাসহ অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার নোয়াখালীর হাতিয়ার উপজেলার মেঘনায় এ অভিযান চালানো হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান।
অভিযানে নেতৃত্বদানকারী কোস্টকার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট এম এনায়েত হোসেন বলেন, কোস্টগার্ডের তাড়া খেয়ে রোববার ভোর ৩টার দিকে অপহৃত জেলেদেরকে তাদের নৌকাসহ রেখে দলদস্যুরা চর কালাম হয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত জেলেদের হাতিয়া উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।
এরা হলেন কাশেম মাঝি, নিতাই চন্দ্র জলদাস, বাবুল চন্দ্র জলদাস, কামাল উদ্দিন, মানিক চন্দ্র জলদাস, মনু চন্দ্র জলদাস, অনিল চন্দ্র জলদাস ও রবি চন্দ্র জলদাস।
এদের প্রত্যেকের বাড়ি হাতিয়া পশ্চিম চেঙ্গারচর এলাকায়।
ল্যাফটেন্যান্ট এনায়েত আরো বলেন, শনিবার রাত ২টার দিকে মেঘনার পশ্চিম চরচেঙ্গা এলাকায় জেলেদের উপর হামলা চালায় জলদস্যু ইমরান বাহিনী।
এ সময় দস্যুদের গুলিতে চার জেলে আহত হন। এরপর মুক্তিপণ চেয়ে নৌকাসহ আট জেলেকে অপহরণ করে তারা।
