২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

কারখানা খুলে দেয়া ও বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

পুলিশ জানায়, রোববার আশুলিয়ায় বুড়িবাজারের বার্ডস গ্রুপ এবং জামগড়ার প্রীতি গ্রুপের এস-স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায় এ বিক্ষোভ হয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। 

শিল্প পুলিশের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বার্ডস গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে।

এ সময় অন্তত ১০ শ্রমিক আহত হন।

এরপর শ্রমিকরা যে যার মতো চলে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকাল ১১টার দিকে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের প্রতিষ্ঠান ‘এস-সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক’কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে আসার পথে পুলিশ বাধা দেয়।

এসময় বহিরাগতরা শ্রমিকদের উপর হামলা করে। এতে উত্তেজিত শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠিপেটা করে।

তিনি বলেন, শ্রমিকদের ইটের আঘাতে গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুস সাত্তারের মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় অন্তত ২০ শ্রমিকও আহত হন বলে তিনি জানান।

সংঘর্ষের পর শ্রমিকরা যে যার মতো চলে যায়। তবে কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ছুটি ঘোষণা করেনি।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।