২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলনেতাকে না ছাড়লে সোমবার হরতাল চুনারুঘাটে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রদল আহ্বায়ককে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 05:17 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববারের মধ্যে তাকে না ছাড়লে সোমবার উপজেলায় হরতাল করার ঘোষণা দিয়েছে বিএনপি ও ছাত্রদল।

শনিবার রাতে কাচুয়া গ্রামের বাড়ি থেকে সৈয়দ আবু নাঈম হালিমকে (৩২) আটক করা হয়। হালিম ওই গ্রামের হাজী সৈয়দ তাহেরের ছেলে।

চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, রোববারের হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা ছাত্রদল শহরের প্রধান সড়কে মিছিল বের করে।

মিছিল শেষে মধ্যবাজার এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় পুলিশ রাতেই চুনারুঘাট উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক রুমন, উপজেলা ছাত্রদল নেতা সুজন, অলিউল্লাহ ও তোফাজ্জলসহ ছয় জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

এ মামলায় রাত ২টায় পুলিশ সৈয়দ আবু নাঈম হালিমকে আটক করে।

এদিকে চুনারুঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, হালিমকে পুলিশ হয়রানি করতে আটক করেছে।

রোববারের মধ্যে ছেড়ে দেওয়া না হলে সোমবার আধাবেলা হরতাল পালন করবে বিএনপি ও ছাত্রদল।