২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চট্টগ্রামে অভিযান

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চট্টগ্রামে চারদিনে ৪২টি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছে সিডিএ ও বিজিএমইএ’র যৌথদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

এর মধ্যে নগরীর চাক্তাই এলাকার আর্টিস্টিক এপারেলস ও এরিনা ফ্যাশনের কারখানাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমীন জানান, গত ১৮ মে থেকে পরিচালিত চারদিনে নগরীর ৪২ টি কারখানায় অভিযান চালানো হয়।

সর্বশেষ শনিবার নগরীর আগ্রাবাদ এলাকার দশটি কারখানা পরিদর্শন করা হয়।

তিনি জানান, চারদিনের পরিদর্শনে আমরা দুটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা গেছে। ভবনটির এক পার্শ্ব কাত হয়ে গেছে এবং এর এক পার্শ্বের প্রতিটি কলাম বিমে ফাটল দেখা দিয়েছে।

ভবনটির কাত হওয়া অংশ হতে অতিদ্রুত সমস্ত কার্যক্রম বন্ধ করে মালামাল সরিয়ে নিতে এবং গার্মেন্টস মালিকদের অতিদ্রুত ভবনটি থেকে তাদের কার্যক্রম স্থানান্তর করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিডিএ ম্যাজিস্ট্রেট জানান, এর বাইরে ছয়টি ভবনের কলাম বিমে ফাটল পর্যবেক্ষণ করা হয়েছে এবং ঝুঁকি এড়াতে কারখানা মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

গত ১৮ মে থেকে সিডিএ ও বিজিএমইএ যৌথ দল চট্টগ্রামে বিজিএমইএ’র নিবন্ধিত ৫৮১টি কারখানা পরিদর্শন শুরু করে। এজন্য সিডিএ’র প্রধান প্রকৌশলীকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি করা হয়েছে।