রংপুরে হেফাজতের সদস্য সচিবের পদত্যাগ
হেফাজতে ইসলাম রংপুর জেলা কমিটির সদস্য সচিব মাওলানা বায়েজীদ হোসাইন পদত্যাগ করেছেন।
একই সঙ্গে হেফাজতের সঙ্গে সকল সম্পর্কও ছিন্ন করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকালে কমিটির আহ্বায়কের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে এক জরুরি সভায় জেলায় হেফাজতের কার্যক্রম স্থগিত করা হয়।
কেরামতিয়া জামে মসজিদের খতিব এই হেফাজত নেতা তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হেফাজতের সৃষ্টি হয়নি। কিন্তু সাম্প্রতিককালে হেফাজতে ইসলামের কর্মকাণ্ড আমার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত আদর্শের সঙ্গে সাংর্ঘষিক হওয়ায় জেলা কমিটির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
“হেফাজতের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি,” বলেন মাওলানা বায়েজীদ।
জেলা কমিটির আহ্বায়ক মাওলানা ইউনুছ আলীও সদস্য সচিবের পদত্যাগের বিষিয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছি। অনেকেই দল ছেড়ে যেতে চাইছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি।
এই অবস্থায় বৃহস্পতিবার রাতে জেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়, বলেন তিনি।
গত ৩ এপ্রিল রংপুর নগরীর করিমিয়া নুরুল উলুম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুছ আলীকে আহ্বায়ক এবং কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইনকে সদস্য সচিব করে ১০১ সদস্যের হেফাজতের জেলা কমিটি গঠন করা হয়।
সম্প্রতি হেফাজতের নামে ছাপানো একটি পোস্টারে হেফাজতের নাম ব্যবহার করা হলেও তাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জেলা নেতারা দাবি করছেন।
গত ৫ মে মতিঝিল অভিযান নিয়ে পোস্টারটি হয়েছে, যা রংপুর শহরের বিভিন্ন স্থানে সাঁটানো হয়।
হেফাজতকর্মীদের ওই দিন মতিঝিল থেকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তুলে দেয়। রাতের ওই অভিযানে অনেকে নিহত হন বলে হেফাজত দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।
‘কেন এই গণহত্যা? ৫ মে মধ্যরাতের অন্ধকারে ঘুমন্ত ও ইবাদতরত আলেম-ওলামা এবং মুসল্লিদের কি অপরাধ!’ শীর্ষক ওই পোস্টারে লাশের ছবি দেয়া হয়েছে।
