২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার আমলে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি

সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

কর্নেল তাহের বিচার নিয়ে রিট আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সোমবার এই দাবি জানিয়েছেন তার ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

১৯৭৬ সালে জিয়ার আমলে বিশেষ সামরিক আদালতে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার তাহেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা হত্যাকাণ্ড ছিলো বলে রায়ে বলেছে আদালত।

বিতর্কিত ওই বিচারে কারাদণ্ডাদেশ হওয়া আনোয়ার উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার যদি চায় একটি উচ্চক্ষমতার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে পারে।

“তাহলে সেই কমিশনের মাধ্যমে অন্ধকারের ইতিহাস উন্মুক্ত করা যাবে। এই রায় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

হাই কোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহেরও।

অধ্যাপক আনোয়ার বলেন, “আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যই মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে তারা একটি দেশ নিয়ে এসেছেন। সেই দেশে জিয়াউর রহমান তাহেরকে হত্যা করেছেন।”

এক সময়ের জাসদ নেতা আনোয়ার বলেন, “জিয়ার আমলের কালো অধ্যায়ে শত শত হাজার হত্যাকাণ্ড হয়েছে। যার কথা কেউ জানে না। অনেককেই কারান্তরালে (হত্যা করা) হয়েছে। জিয়া যে সব হত্যাকাণ্ড করেছেন, তাদের অনেকের লাশ পাওয়া যায়নি।”

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন ১৯৭৬ এ তাহেরের গোপন বিচার অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ২২ মার্চ রায় দেন। লিখিত অনুলিপিতে দুই বিচারপতির স্বাক্ষরের পর সোমবার তা প্রকাশ করা হয়।

সংক্ষিপ্ত রায়ে বলা হয়, জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল।

তাহেরকে শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি কথিত সামরিক আদালতের বিচারকের বিরুদ্ধে খুনের মামলা করার নির্দেশ দেয়া হয় রায়ে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল কি না, তাও খতিয়ে দেখতে বলে আদালত।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিনটিকে পবিবারের সবচেয়ে মহান দিন হিসেবে উল্লেখ করেন আনোয়ার হোসেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাসহ জিয়ার আমলসহ পরবর্তী আরো অনেক হত্যার ঘটনা ‘গভীর অন্ধকারে ঢাকা’ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সে সময়ের অনেক ইতিহাস মানুষের জানা নাই। বহু দুঃখজনক ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। এই রায়ের মধ্য দিয়ে সে সব সত্য প্রকাশিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।”

কোনো ক্ষতিপূরণের জন্য নয়, সত্য উদ্ঘাটনের জন্য এই রিট আবেদন করা হয়েছিল বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা যখন এই রিট আবেদনটি করি। তখন আমরা কর্নেল তাহেরের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করিনি। লুত্ফা তাহের বা আমার ভাই আবু ইউসুফ বীর বিক্রমের স্ত্রী সেটা দাবি করেননি।

“আমরা চেয়েছি, এই বিচারে কর্নেল তাহেরের সঙ্গে যে সহ-অভিযুক্তরা ছিলেন, সেনা-বিমান বা প্রতিরক্ষা বাহিনীর যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছিলেন, তাদেরকে সেই ক্ষতিপূরণ দেয়া হোক। আপনারা দেখেছেন রায়ে সে কথা উল্লেখ আছে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেয়ার পর তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।

১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।

পুরনো খবর:

‘তাহেরকে হত্যার লক্ষ্য ঠিক করে বিচার সাজান জিয়া’