২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একাত্তরে ৩৩ জনকে হত্যায় সহায়তা করেছিলেন মোবারক’

ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মুক্তিযুদ্ধের সময় এক গ্রামের ২৬ জনসহ মোট ৩৩ জনকে ব্রাশফায়ারে হত্যার ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিলেন বলে ট্রাইব্যুনালে এক সাক্ষী বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মোবারক স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন এই মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী।

সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোবারকের বিরুদ্ধে সাক্ষ্য দেন মো. দারুল ইসলাম।

৭৩ বছর বয়সী দারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বচিয়ারা গ্রামের বাসিন্দা এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক হাবিলদার।

তিনি বলেন, “একাত্তর সালের ২২ অগাস্ট সকাল ৯টার দিকে পাকসেনাদের গঙ্গাসাগর ক্যাম্প থেকে জামশেদ মিয়া, মুক্তা মিয়া ও মোবারক টানমান্দাইল গ্রামে গিয়ে খবর দেয় যে, নূর বক্স হাজীর বাড়িতে মিটিং হবে এবং সেখানে সবাইকে যাওয়ার জন্য বলে। বেলা ৩টার দিকে সবাই নূর বক্স মৃধার বাড়িতে জমায়েত হয়।”

ওই সময় পাক সেনারা নৌকাযোগে এসে নূর বক্সের বাড়ি ঘেরাও করে স্থানীয় রাজাকারদের সহায়তায় জমায়েত লোকজনকে অস্ত্রের মুখে গঙ্গাসাগর দীঘির উত্তর পাড়ের ক্যাম্পে নিয়ে যায় বলে জানান দারুল।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আটকদের মধ্যে যাদের বাবা, ভাই বা আত্মীয়-স্বজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তাদের বাছাই করা হয়। জামশেদ, মুক্তা মিয়া, বজু মিয়া ও মোবারক আলী সেখানে উপস্থিত থেকে টানমান্দাইল গ্রামের ২৬ জনকে এবং অন্যান্য গ্রামের আরো সাতজন নিয়ে মোট ৩৩ জনকে বাছাই করে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে নিয়ে যায়।

প্রসিকিউশনের প্রথম সাক্ষী বলেন, “বাছাইকৃতদের দিয়ে তারা গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে গর্ত খোঁড়ায়। এরপর পাকসেনারা ওই ৩৩ জনকে ব্রাশফায়ার করে হত্যা করে ওই গর্তেই তাদের মাটিচাপা দেয়। ওইসময় মোবারক আলী, জামশেদ ও মুক্তা মিয়া ওখানে উপস্থিত ছিলো।”

এই সাক্ষী আরো বলেন, পরদিন ২৩ অগাস্ট ক্যাম্পে আটক রাখা বাকি লোকজনদের নির‌্যাতন করে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে ছিলেন আবুল বাশার, যিনি এখনও বেঁচে আছেন এবং একটি মসজিদে ইমামতি করেন। তার কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন।

এছাড়াও ছাতিয়ান গ্রামের আব্দুল খালেক নামের এক মুক্তিযোদ্ধা তার অসুস্থ মাকে দেখতে বাড়ি এলে মোবারক ও তার সঙ্গীরা তাকে গুলি করে হত্যা করে বলে সাক্ষ্য দেন তিনি।

দারুল জানান, ১৯৬৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের পর ১৯৭০ সালে সেনাবাহিনীল গোয়েন্দা বিভাগের হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীর পক্ষে গোয়েন্দা হিসেবে কাজ করতেন।

তিনি জানান, মোবারক মিয়া পাকিস্তান আমলে ইপিআরের সোর্স হিসেবে কাজ করতেন। তিনি বজু মিয়া, আবরু মিয়া, মুক্তা মিয়া ও জামশেদ মিয়াসহ আরো কয়েকজন মিলে রাজাকারদের একটি দল গঠন করেন। গঙ্গাসাগর দীঘির উত্তর পাড়ের আর্মি ক্যাম্পে থাকতেন তারা।

ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, “১৯ অগাস্ট টানমান্দাইল গ্রামের বাসিন্দাদের সহায়তায় তিনলাখপীর এলাকার একটি ব্রিজ উড়িয়ে দিয়ে চলে আসি আমরা। ২১ অগাস্ট জানা যায়, সগ্রামবাসীর সহযোগিতায় ব্রিজ উড়িয়ে দেয়া হয়েছে বলে পাক সেনা ও রাজাকাররা সন্দেহ করছে।”

এর পরদিনই তারা ওই ৩৩ জনকে একসঙ্গে হত্যা করে বলে জানান তিনি।

গঙ্গাসাগর ক্যাম্প থেকে মোবারকের নেতৃত্বে রাজাকার বাহিনী গঠন করে সেটাকে আনন্দময়ী কালী মন্দিরে পাঠানো হয় বলে জানান দারুল ইসলাম।

তিনি বলেন, “সেখানে তারা মন্দিরের মূর্তি ভাঙচুর করে এবং লুটপাট চালায়। মন্দিরের নাম পাল্টে ‘রাজাকার মঞ্জিল’ রেখে সেখানে ক্যাম্প স্থাপন করে রাজাকাররা।

“মোবারক সেখানে কিছুদিন কমান্ডারের দায়িত্ব পালন করে। এরপর অন্য রাজাকারের হাতে দায়িত্ব দিয়ে সুহিলপুর রাজাকার ক্যাম্পের কমান্ডার হয়ে যায়। সেখানেও বেশকিছু হত্যা ও নির‌্যাতনের ঘটনা সংঘটিত হয়।”

স্বাধীনতার আগে আসামি মোবারক ইউনিয়ন পর‌্যায়ের জামায়াতে ইসলামীর একজন রোকন ছিলেন এবং পরেও তার সদস্যপদ অব্যাহত ছিলো বলে জানান তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি মোবারকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১৬ মে মামলার মামলার বিচারকাজ শুরু হয়।

প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে, আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি করা রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।

একাত্তর-পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়। তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যনাল।

গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থ।