ফখরুলের অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পেছাল।
সোমবার মির্জা ফখরুলসহ কয়েকজন আসামির পক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
এ সময় বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এম কে আনোয়ার, এলডিপি নেতা অলি আহমেদ আদালতে হাজির ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থান করছেন। সকালে আদালতে তিনিসহ ১৭ জনের পক্ষে সময়ের আবেদন করা হয়।
আসামিদের এক আইনজীবী আবুল কালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত বছরের ৩১ মে সচিবালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
একই বছরের ১৮ নভেম্বর একই আদালত মামলাটি বিচারের জন্য আমলে নেয়।
