যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোর শহরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই ছেলে।
শনিবার সকালে শহরের চারথাম্বার মোড়ে এ দুর্ঘটনায় নিহত হন সাহাবুদ্দিন আহমেদ।
আহত সালমান (১০) ও বুখারিকে (৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্কুলে পৌঁছে দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালমানের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বলেন, গলি থেকে মূল রাস্তায় ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাহাবুদ্দিন মারা যান। গুরুতর আহত হয় সালমান। তবে মোটরসাইকেল থেকে আগেই পড়ে যাওয়ায় বুখারির আঘাত কম বলে জানান তিনি।
স্থানীয়রা ট্রাকচালক শাহিনকে আটক করে পুলিশে দিয়েছে।
