রবীন্দ্র গবেষক রাদিচে দুর্ঘটনায় আহত
রবীন্দ্র গবেষক ব্রিটিশ কবি উইলিয়াম রাদিচে সড়ক দুর্ঘটনায় পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গত মঙ্গলবার যুক্তরাজ্যের নিউ ক্যাসেলে তিনি দুর্ঘটনায় আহত হন বলে কলকাতার ইংরেজি দৈনিক স্টেটসম্যান জানিয়েছে।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, মালবাহী একটি ট্রাক রাদিচেকে ধাক্কা দিয়ে ফেলে তার ওপর দিয়ে চলে যায়।
এই কবিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন বলে স্টেটসম্যান জানায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের রচনাবলী অনুবাদের জন্য রাদিচে ইংরেজিভাষী জগতে পরিচিত।
রাদিচের দুর্ঘটনার খবর বাঙালি কবি ও সাহিত্যিকদের উদ্বিগ্ন করেছে।
কবি বেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতে পেরেছি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন উইলিয়াম রাদিচির অবস্থা আশঙ্কামুক্ত নয়। আমি প্রত্যাশা করছি, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন।”
বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে প্রচুর লেখা রয়েছে রাদিচের। রবিঠাকুরের অনেক রচনার ইংরেজি অনুবাদ করেছেন তিনি।
গত বছর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই ব্রিটিশ কবি। তখন তাকে বাংলা একাডেমীর পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
লন্ডন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক রাদিচে পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
তিনি একই সঙ্গে কবি ও গবেষক। তিনি লিখেছেন বা সম্পাদনা করেছেন এমন বইয়ের সংখ্যা ৩০টির বেশি।
