বাবুনগরী ফের রিমান্ডে
হেফাজতে ইসলামীর মহাসচিব জুনাইদ বাবুনগরীকে আরো ২২ দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
গত ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যাসহ আরো দুটি মামলায় তাকে ২২ দিনের পুলিশ হেফাজত বৃহস্পতিবার মঞ্জুর করেছে ঢাকার আদালত।
রাজারবাগে পুলিশ হত্যা মামলায় নয় দিন জিজ্ঞাসাবাদের পর হাটহাজারী মাদ্রাসার এই শিক্ষককে এদিন মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে আনা হয়েছিলো।
মতিঝিল থানার এই মামলাগুলোর মধ্যে হত্যা মামলায় চার দিন, হাতবোমা বিস্ফোরণ, অস্ত্র, পুলিশের কাজে বাধা দেয়ার দুই মামলায় নয় দিন করে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তিন মামলায়ই জামিন আবেদন করেছিলেন হেফাজতের মহাসচিব। কিন্তু হাকিম মোস্তাফিজুর রহমান তা নাকচ করে দেন।
ঢাকা অবরোধ শেষে পল্টন এলাকায় সহিংসতার পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর ৬ মে গ্রেপ্তার করা হয় বাবুনগরীকে।
হেফাজতের মতিঝিলে অবস্থান নেয়ার পেছনে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিলো বলে দাবি করে আসছেন মন্ত্রীরা। ওই বিষয়ে বাবুনগরীর কাছে তথ্য মিলছে বলেও ইতোপূর্বে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গণজাগরণবিরোধী হেফাজত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি, নারী উন্নয়ন নীতিমালা বাতিল, নারী-পুরুষ অবাধ বিচরণ বন্ধের দাবিতে ৫ মে ঢাকা অবরোধের ডাক দেয়।
১৩ দফা দাবিতে হেফাজতের ওই কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সক্রিয় তৎপরতা ছিলো বলে পুলিশের দাবি।
৫ মে ভোররাতে সাঁড়াশি অভিযানে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর রাজারবাগে ছুরিকাঘাতে খুন করা হয় পুলিশের এসআই মো. শাহজাহানকে।
