সরেছে ১০ লাখ মানুষ, বিদ্যুৎহীন ৮ জেলা
ঘূর্ণিঝড় মহাসেনের ছোবল থেকে রক্ষার জন্য উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ের আগেই বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে আটটি জেলা।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপকূলবর্তী ১৫টি জেলা থেকে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় দুই লাখ ৮৩ হাজার, কক্সবাজারে এক লাখ ৯৭ হাজার ৫৭৭, নোয়াখালীতে ২৪ হাজার ৫০০, ফেনীতে চার হাজার, লক্ষ্মীপুরে চার হাজার ৬৪৩, খুলনায় ৪০ হাজার ২৫০, সাতক্ষীরায় ২৭ হাজার ৫৩০, বাগেরহাটে এক লাখ ১০ হাজার, বরিশালে তিন হাজার ২৫০, পিরোজপুরে ৬০ হাজার ৭০০, ঝালকাঠীতে চার হাজার, পটুয়াখালীতে এক লাখ ৯৩২, বরগুনায় ৬৪ হাজার ৫০০, ভোলায় ২৯ হাজার ৩০০ এবং চাঁদপুরে চার হাজার ৪০ জনসহ মোট নয় লাখ ৬৬ হাজার ৬২২ জনকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় মহাসেনের বর্ধিতাংশ পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হেনেছে। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করছে এই ঝড়।
ঝড়ের আগেই রাতে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যায়, যাতে ভোলা ও বরগুনায় দুজন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
তবে এ বিষয়ে কিছু জানেন না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে এনডিআরসিসির নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি বলেন, “মহাসেনের আঘাতে কতো জন মারা গেছে তার সঠিক তথ্য এখন পরযন্ত জেলা প্রশাসন থেকে না আসায় আমরা বলতে পারছি না।”
এদিকে, সকালে ঝড়টি পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানায় এবং আগের রাতে দমকা হাওয়ায় বিদ্যুতের তারে গাছের ডালপালা পড়ায় উপকূলের আট জেলায় সকাল থেকে বিদ্যুৎ নেই।
ঝড়ে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে পূর্ব সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
উপকূলের ওই আটটি জেলা হলো- কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঝালকাঠি, বাগেরহাট ও বরগুনা।
