বরিশালে আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার মানুষ
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বরিশালে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, ক্রমান্বয়ে বাড়ছে বাতাসের গতি।
ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করছে ঘূর্ণিঝড় মহাসেন।
বরিশাল জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপকূলীয় এলাকার অন্তত ৩৫ হাজার লোক আশ্রয়কেন্দ্রে চলে এসেছে।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, জেলার ২২৯ আশ্রয় কেন্দ্রসহ দেড় হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এসব কেন্দ্রে কাজ করছেন ৮ হাজারের মতো স্বেচ্ছাসেবী। গঠন করা হয়েছে ১৩৫ মেডিকেল টিম।
জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য ২০০ টনের বেশি চাল ও নগদ ৩ লাখ টাকা আছে।
বরিশাল আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দুপুর নাগাদ মহাসেন এ অঞ্চলে আঘাত হানার সময় পানি আট থেকে দশ ফুট বৃদ্ধি পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, কীর্তনখোলাসহ এ অঞ্চলের নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল।
