লক্ষ্মীপুরে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন নিহত
এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ত্রিমুখী সংঘর্ষের সময় লক্ষ্মীপুর সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানসহ তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন- দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম, তার দেহরক্ষী দোলোয়ার হোসেন এবং মান্দারী ইউনিয়নের মটুবী গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিন (৩০)।
দুপুরে উপজেলার আন্তারপুকুর পাড় ও মান্দারী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আলতাফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লাদেন ও বাবুল বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
সংঘর্ষের ঘটনায় চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত চার পুলিশ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি জানান, পুলিশ প্রায় দুইশ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।
এছাড়াও ৭টি একনালা বন্দুক, ১টি বিদেশি রিভলবার, একটা কাটা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুস উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। পুরো পরিস্থিতি জানার পর সংবাদকর্মীদের জানানো হবে।
