২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বিপদ সংকেত জানাতে সরকার ও রেড ক্রিসেন্টের যৌথ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবীরা পতাকা উড়িয়ে, মোবাইল ফোনে, মসজিদের মাইকে এলাকাবাসীকে সচেতন করছেন।

ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

সোনাগাজী উপজেলার সমুদ্র উপকূলের চারটি ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষ বাস করে বলে জেলা প্রশাসন জানায়।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৫৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৪৩টি সচল করা হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ১১৫ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা বরাদ্দ পেয়েছেন বলেও জানান।

এছাড়া সিভিল সার্জনকে আহবায়ক করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

ঝড়ের পর সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়েছে।

ঘূর্ণিঝড় সংক্রান্ত সকল তথ্যের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের কন্ট্রোল রুমে ০১৭১৩১৮৭৩০৯, ০৩৩১৭৪১৩৩ এ নম্বরে যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।