২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের চার দিনের মাথায় স্ত্রীকে `খুন’ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যাক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ইডেন কলেজের ছাত্রী শরীফা আক্তার পুতুলকে (২২) সোমবার মধ্যরাতে ‘জবাই করে’ হত্যার কথা রাতেই থানায় এসে জানান স্বামী শিকদার মাহমুদ আলম (৩৩)।

পরে মাহমুদের বাড়ি থেকে শরীফার লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

মোল্লাহাট ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, রাত আড়াইটার দিকে মাহামুদ থানায় এসে পুলিশের কাছে নিজের স্ত্রীকে হত্যার কথা জানান এবং তাকে গ্রেপ্তার করতে বলেন।

থানায় আসার আগে তিনি কীটনাশক পান করায় অসুস্থ হয়ে পড়লে পুলিশ পাহারায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

শরীফা মোল্লাহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের মো. আবু দাউদের মেয়ে এবং ঢাকায় ইডেন কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মাহমুদ আলম একই গ্রামের মৃত শিকদার শামছুল আলমের ছেলে এবং শরীফার বড় বোন সাগরিকার দেবর।

ওসি আরো জানান, এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ এখনও জানা যায়নি। মাহামুদ একটু সুস্থ হলে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে পুতুলের বাবা আবু দাউদের অভিযোগ, মাহামুদসহ একাধিক হত্যাকারী এই ঘটনা ঘটিয়েছে।