২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিসনের কর্মচারীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলা থেকে রেডিসন হোটেলের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

গাজীপুর সদর উপজেলা থেকে রেডিসন হোটেলের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার মেঘডুবী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলেয়া ফেরদৌসি (৩৫) রেডিসন হোটেলের ওয়েটার হিসাবে কাজ করতেন।

তিনি ঢাকার নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া এলাকার আব্দুল মজিদ মোল্লার মেয়ে। আলেয়া মা-ভাইয়ের সঙ্গে গাজীপুর সদর উপজেলার কাউলা মধ্যপাড়ার জমিদার বাড়ি এলাকায় বাস করতেন।

নিহতের বড় ভাই মজিবুর রহমান জানান, সোমবার দুপুরে বাসা থেকে বেরিয়ে চাকরিস্থলে রওয়ানা দেন আলেয়া। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানানো হয়।

রাত সাড়ে ১১টায় মেঘডুবি এলাকায় লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিস্টার আলী।

তিনি জানান, দুর্বৃত্তরা আলেয়াকে হাত-পা বেধে গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। নিহতের ভাই থানায় মামলা করেছেন।