সিরাজগঞ্জে ট্রাক ভাংচুর, রাস্তা অবরোধ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। এছাড়া পিকেটারদের হামলায় আহত হয়েছেন এক কভার্ডভ্যান চালকের সহকারি।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, সকাল ১১টার দিকে জামায়াতকর্মীরা মহাসড়কের বানিয়াগাতি এলাকায় অবস্থান নেয় এবং উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী পণ্যবাহী চারটি ট্রাক ভাংচুর করে।
পিকেটারদের ধাওয়ায় একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের সহকারি রুবেল (২৪) আহত হন। এ সময় পিকেটাররা দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এর আগে সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের গেন্দু সেতুর কাছে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা।
প্রায় একই সময়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া শ্রীখোলা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করে পিকেটারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে পড়ে।
যুদ্ধাপরাধের মামলায় দলের নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলাম সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয়।
