এয়ারকুলার ও গ্রীষ্মের পোশাক: নির্দেশনা মানতে তাগিদ
এয়ারকুলারের ‘অপ্রয়োজনীয় ব্যবহার’ বন্ধ এবং গরমের মওসুমে স্যুট-টাইয়ের বদলে প্যান্ট-শার্ট পরে অফিস করার নির্দেশনা প্রতিপালনে আবারো তাগিদ দিয়েছে সরকার।
সচিবালয়
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ পরিপত্রে বলা হয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা মার্চ-নভেম্বর সময়ে আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া স্যুট-টাইয়ের বদলে অফিসে প্যান্ট ও শার্ট (অর্ধ/পুরো হাতা) পরবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এর আগেই সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছিল, যাতে এয়ারকুলার ২৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় রাখা না হয়। কিন্তু সরকারি-বেসরকারি অফিসগুলোতে সেই সিদ্ধান্তও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত পরিপত্রে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে এয়ারকুলারের তাপমাত্রা ও গ্রীষ্মকালীন পোশাক সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়।
