সাভারে কারখানায় ‘ফাটল আতঙ্ক’
সাভারে একটি পোশাক কারখানায় ‘ফাটল আতঙ্কে’ হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকালে সাভার পৌর এলাকার রাজাশন রোডে আজিম গ্রুপের প্রতিষ্ঠান ‘জি কে গার্মেন্ট লিমিটেডে’ এ ঘটনা ঘটে।
এরপর একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।
খবর পেয়ে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ ও উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গেছেন।
শ্রমিকরা জানান, ১০ তলা ভবনটির ৩য় ও ৭ম তলার বেশ কয়েকটি পিলারের মাঝখানে ও দেয়ালে ফাটল দেখা দিলে কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় হুড়োহুড়ি করে শ্রমিকরা নেমে আসেন।
পরে কারখানার সামনে রাস্তায় কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কিছুক্ষণ বিক্ষোভ করেন তারা।
কারখানাটি পরিদর্শন শেষে সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএনও স্যার ব্যস্ত থাকায় আমাকে পাঠান। আমি দেখেছি ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা ফাটল নয়, আরেকটি বিল্ডিংয়ের সংযোগ অংশ।
এ ব্যাপারে জি কে গার্মেন্ট লিমিটেডের ব্যবস্থাপক রফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি ফাটল নয়, ভবনটির বাড়তি অংশের সংযোগস্থল। সেটাকেই ফাটল ভেবে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান।
