২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: মন্ত্রীদেরও পদত্যাগ দাবি

সাভারে বহুতল ভবন ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ চেয়েছে সিপিবি-বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ করতে হবে।

সিপিবি-বাসদ যৌথভাবে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তাদের একটি প্রচারপত্রে বলা হয়, বিপুল সংখ্যক শ্রমিকের প্রাণহানির জন্য ‘স্বরাষ্ট্র, শ্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ করতে হবে’।

এছাড়া রানা প্লাজার মালিক সোহেল রানা, ওই ভবনের কারখানা মালিক এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তার বিরুদ্ধে হত্যামামলা দায়েরসহ ১০ দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- রানা প্লাজার স্থলে নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ভবন ও গার্মেন্টস মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আহত শ্রমিকদের পুনর্বাসন, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২০ লাখ টাকা অথবা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করা।

সিপিবি সভাপতি সেলিম বলেন, “সাভারে ভবন ধসের ঘটনায় হত্যামামলা দায়ের না করে মামুলি মামলা দায়ের করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছে সরকার। আর বিজিএমইএ মালিকদের রক্ষা করতে ওকালতি শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে।”

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যেখানে পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন। এরইমধ্যে সেখানে নিহতের সংখ্যা এক হাজার একশ’ ছাড়িয়েছে।

ধসের কয়েক দিনের মধ্যে ভবনমালিক সোহেল রানা, পাঁচ গার্মেন্টের মালিকসহ সংশ্লিষ্ট কয়েকজন প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে অপরাধমূলক হত্যাচেষ্টা এবং ইমারত নির্মাণ আইনে পৃথক দুটি মামলা হয়।

অন্যদিকে, সোহেল রানা ও একটি কারখানার মালিকসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত এক শ্রমিকের স্ত্রী। তার ওই অভিযোগ আগের দায়ের করা হত্যাচেষ্টা মামলার সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বিশ্বের ‘ভয়াবহতম’ এ ভবন ধসের ঘটনায় সোহেল রানা ও গার্মেন্টস মালিকদের সর্বোচ্চ শাস্তির দাবি সিপিবি সভাপতি।

শ্রম আইন সংশোধন বিষয়ে কমিউনিস্ট পার্টির এই নেতা বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কিছু ধারা যোগ করে শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। শ্রমিকের স্বার্থ ক্ষুন্ন হয়-এমন কোনো ধারা ওই আইনে রাখা যাবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার যে টিকফা চুক্তি করতে চলেছে তারও বিরোধিতা করেন তিনি।

এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রে যেখানে একজন পোশাক শ্রমিকের মজুরি মাসে এক লাখ ৮০ হাজার টাকা সেখানে এদেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র তিন হাজার টাকা।

“বাংলাদেশের গার্মেন্টস মালিকরা যুক্তরাষ্ট্রের ধনী ব্যক্তিদের চেয়েও বিলাসী জীবন যাপন করেন। সংসদে ৩০ জন সদস্য আছেন যারা গার্মেন্টস মালিক।”

১০ দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে সরকারকে তা মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শ্রমিকদের স্বার্থে সব বামদলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবির উপদেষ্টামণ্ডলির সদস্য মঞ্জুরুল আহসান খান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড় ঘুরে সচিবালয় লিংক রোডের সামনে প্রতীকী অবস্থান নেয়।