২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, আহত ৩ র‌্যাব সদস্য

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিস্ক্রিয় করার সময় একটি হাতবোমা বিস্ফোরণে র‌্যাবের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার বেলা ১২টার দিকে কালকিনি থানা চত্বরে এ দুর্ঘটনায় আহতরা হলেন র‌্যাব-৮ বরিশাল অঞ্চলের সার্জেন্ট ইকবাল হোসেন (৪০), লে. কর্পোরাল মোস্তফা (৪০) ও কর্পোরাল মোশারফ হোসেন।

তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে র‌্যাবের একটি দল এক বোমা নিস্ক্রিয় করতে আসে। দুপুর ১২টার দিকে কালকিনি থানা চত্বরে তারা ১৫টি হাতবোমা নিস্ক্রিয় করার কাজ শুরু করেন। এ সময় সময় একটি বোমার বিস্ফোরণে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হন।

প্রথমে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপালালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি জিএম শামসুন নূর বলেন, দুই মাস আগে হাতবোমাগুলো উপজেলার সাহেবরামপুর এলাকার একটি বাগান থেকে উদ্ধার করা হয়।