সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট জুনে
দশম সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা জুন মাসে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
রোববার প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন।
গত ৬ ফেব্রুয়ারি বিদ্যমান ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৮৭টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে।
এ নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এসময় কয়েকশ আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “দাবি-আপত্তি দেওয়া বিভাগীয় পর্যায়ের সবার আবেদন শুনেছি আমরা। এখন সবকিছু পর্যালোচনা করে আগামী মাসে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে।”
গত ২৩ এপ্রিল থেকে রোববার পর্যন্ত শুনানি চলে।
রোববার শুনানিতে অংশ নিয়ে জাতীয় সংসদের পুরানো সীমানা বহাল রাখার দাবি জানান ঢাকার সংসদ সদস্যরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও এই আসনের সংসদ সদস্য হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ২০০৮ সালের সীমানা বহাল রাখার পক্ষে মত দেন।
সীমানা পুনর্বহালের দাবি জানান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার প্রমুখ।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নিরবাচনের কথা রয়েছে।
