২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহাসেন’ মোকাবেলায় কক্সবাজারে প্রস্তুতি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, দূর্যোগ মোকাবেলায় ইতোমধ্যেই আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সতর্কীকরণ প্রচারণা  চালানো হচ্ছে।

পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলো যাতে সাগরে যেতে না পারে সে উদ্যোগও নেয়া হয়েছে।

সাগর মাঝারি ধরনের উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোতে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ খবরে বলা হয়, রোববার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি  চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

সভায় কক্সবাজারের সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ ১১৩টি জরুরি মেডিকেল দল প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর থেকে ২০০ কিলোমিটারের মতো এগিয়েছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২  কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

রোববার সন্ধ্যা থেকে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল বাসির, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।