সিলেটে মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র জমা
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির চার নেতাসহ মোট সাত জন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়ও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান, মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের এবং স্বতন্ত্র সালাউদ্দিন রিমন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঝড়-বৃষ্টির মধ্যেও সকাল থেকে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা সিলেটের অঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার এমএম এজহারুল ইসলাম জানিয়েছেন, সাত মেয়রপ্রার্থী, ১৫২ জন সাধারণ কাউন্সিলর ও ৩৬ জন মহিলা কাউন্সিলর পদে মনোয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৬ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে এবং ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
