২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তদন্ত হবে, ইন্ধনদাতারাও চিহ্নিত হবেন’

গত ৫ মে হেফাজতে ইসলামীর কর্মীদের সৃষ্ট নৈরাজ্যে ইন্ধনদাতাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তিনি বলেছেন, “তদন্ত কমিশন গঠন করা হবে এবং যারা হেফাজতের নৈরাজ্যকে বেগবান করতে আন্দোলন করেছিলো, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”

মতিঝিল থেকে হেফাজতকর্মীদের তুলতে অভিযান নিয়ে বিএনপির বিচার বিভাগীয় তদন্ত দাবির মধ্যেই রোববার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

হেফাজতকর্মীদের তাণ্ডবের মধ্যে বায়তুল মোকাররমের ফটকে কোরআন পোড়ানোর প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ওই সভা ডাকে।

তাজুল বলেন, “হেফাজতের নেপথ্যে যারা ছিলো, তাদের খুঁজে বের করতে অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।”

সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হেফাজতকে জামায়াত-বিএনপির ‘নতুন সংষ্করণ’ আখ্যায়িত করে বলেন, যখন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখন থেকেই একটি চিহ্নিত শক্তি দেশে সন্ত্রাস, নাশকতা সৃষ্টি করছে।

“কিন্তু এসব করে কোনো লাভ হবে না, বাংলার জনগণ তা মেনে নেবে না।”

সভায় আরো বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি এমদাদুল হক, আমিরুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক শফিকুল বাহার মজুমদার প্রমুখ।