২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় হা মীম গ্রুপের একটি পোশাক কারখানায় এক নারী শ্রমিকের ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

দ্যাটস ইট স্পোর্টস লিমিটেড নামের ওই কারখানা কর্তৃপক্ষ বলছে, সুইং অপারেটর পারুল আক্তার (১৯) শনিবার রাতে কারখানার শৌচাগারে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।  

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করলে রোববারের জন্য কারখানায় ছুটি দিয়ে দেয়া হয়।

পারুল হা মীমের ওই কারখানার  চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার শালদই গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে কারাখানা কর্তৃপক্ষ পারুলকে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এরপর পুলিশে খবর দিলে রাত ৮টার দিকে তারা পারুলের লাশ থানায় নিয়ে আসেন। 

“পারুলের গলায় ওড়না পেঁচানো ছিল। গলায় কালো দাগ রয়েছে। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, পারুল কারখানার ভেতরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”

ওই কারখানার উপ মহা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাজ করার সময় পারুল তার সহকর্মী সীমাকে দেড় হাজার টাকা এবং একটি ছাতা দিয়ে তার মাকে পৌঁছে দিতে বলে। এরপর সে টয়লেটে যায়। 

দীর্ঘসময় পরও পারুল না ফেরায় সহকর্মীরা টয়লেটে গিয়ে পারুলকে ঝুলন্ত অবস্থায় পায় বলে দেলোয়ার হোসেন জানান।

“পারুলকে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, সে মারা গেছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ নিয়ে যায়। এই আত্মহত্যার ঘটনায় আমরা রাতেই একটি অপমৃত্যু মামলা করেছি।” 

উপপরিদর্শক সোহরাব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকালের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে হা মীম কর্মকর্তা দেলোয়ার বলেন, “শ্রমিকরা সকালে এসে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের শান্ত করার চেষ্টা করি। কিন্তু তারা বেরিয়ে যাওয়ায় কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।”