হরতালের সকালে পিকআপে আগুন
মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামের ডাকা হরতালের সকালে রাজধানীতে একটি পিক-আপ ভ্যান পুড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন স্থানে গলির ভেতরে বিক্ষিপ্ত মিছিল ও পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মীর হাজিরবাগ মাদ্রাসার গলিতে একটি পিকআপে আগুন দেয় হরতাল সমর্থকরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।
এ সময় দুই শিবির কর্মীকে আটক করা হয় বলে এমরানুল ইসলাম জানান।
এছাড়া মিরপুর বাংলা কলেজ, ধোলাই খাল, বকশি বাজার এলাকায় শিবির কর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে।
সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন সকাল পৌনে ৭টার দিকে ধোলাইখাল এলাকায় দুটি ককটেল ফাটানো হয়।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন পুলিশ ও র্যাব সদস্যরা।
সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও রাস্তায় গণ পরিবহন চলতে দেখা গেছে।
হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোববার সারা দেশে হরতালের ঘোষণা দিলেও বৃহস্পতিবার তা স্থগিত করে।
একাত্তরে গণহত্যার জন্য আল বদর নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে ওইদিনই রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের কয়েক ঘণ্টা পর জামায়াতঘনিষ্ঠতার অভিযোগের মুখে থাকা হেফাজত তাদের হরতাল স্থগিতের ঘোষণা দেয় এবং এরপর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রোববার সারাদেশে হরতাল ডাকেন।
ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে তিনি বলেন, “জামায়াতে ইসলামীকে নির্মূল করার উদ্দেশ্যে নেতাদের হত্যার জন্য এই রায় দেয়া হয়েছে।”
যুদ্ধাপরাধের জন্য কামারুজ্জামানের আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন সাজা হয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার। একাত্তরে দলটির আমির গোলাম আযমের রায় যে কোনো দিন হতে পারে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান, মীর কাসেম আলী, এটিএম আজহারুল ইসলামও বিচারের সম্মুখীন।
সাঈদী ও কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করেও হরতাল ডেকেছিলো জামায়াত। সাঈদীর রায়ের পর ১৬টি জেলায় জামায়াতকর্মীদের তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় পুলিশসহ নিহত হয় অন্তত ৬৭ জন।
