খুলনা স্টেশন থেকে ৮ ঘণ্টা ট্রেন চলেনি
খুলনা রেল স্টেশনে পার্কিংয়ের সময় সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শিকদার বায়েজিদকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।
খুলনার স্টেশন মাস্টার গাজী আমিনুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে খুলনা স্টেশনে পৌঁছায়। সব যাত্রী নেমে যাওয়ার পর রাত আড়াইটার দিকে চালক সুলতান হোসেন ট্রেনটি পার্কিং (সান্টিং) করার সময় অসতর্কতাবশত ইঞ্জিন লাইনচ্যুত হয়ে স্টেশনের বৈদ্যুতিক সাব স্টেশনে ঢুকে পড়ে।
ফলে বৈদ্যুতিক স্টেশন, ট্রেনের ইঞ্জিন এবং বগির ক্ষতি হয়।
এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
শনিবার সকাল লাইনচ্যুত ইঞ্জিন সরানোর পর ১১টা থেকে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে।
