চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকাদের তাঁবুতে নেয়া হচ্ছে
চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে অস্থায়ী তাঁবুতে রাখার সিদ্ধান্ত নিয়েছে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি।
ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কার কথা আবহাওয়া অধিদপ্তর জানানোর পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
আগামী মঙ্গলবারের মধ্যে কয়েকটি তাঁবু খাটনো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় ‘পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি পরিদর্শন ও অস্থায়ী পুনর্বাসন’ নামে একটি কমিটিও গঠন করা হয়। পাশাপাশি একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বলেন, পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদেরকে যে কোনো উপায়ে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা জরুরি।
“প্রয়োজনে পুলিশ-র্যাব দিয়ে হলেও তাদের সরাতে উদ্যোগ নেয়া হবে,” বলেন তিনি।
সভায় সিডিএর নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ বলেন, “প্রতিবছর পাহাড় ধসে দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ হয়। এরপর আমরা ভুলে যাই।”
