ভূরুঙ্গামারীতে বিজিবি সদস্য লাভলুর দাফন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শেষ শয্যা হল নারায়ণগঞ্জে হেফাজতকর্মীদের হামলায় নিহত বিজিবি সদস্য লাভলু হোসাইনের।
বুধবার উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী শালঝোড় গ্রামে তার দাফন সম্পন্ন হয় ।
দুপুরে ঢাকা থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বিজিবি সদস্যরা তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তথন শত শত মানুষ শেষবারের মতো লাভলুকে এক নজর দেখার জন্য ভীড় করেন।
এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন-শুভানুধ্যায়ীদের কান্নায় সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।
কান্না জড়িত কন্ঠে বাবা লাভলুর বাবা আব্দুস সোবহান জানান, মাতৃহারা ছেলেকে তিনি অনেক কষ্টে বড় করেছেন। সংসারের অভাব দুর করার আশা নিয়ে লাভলু ২০১১ সালে বিজিবিতে চাকরি নেয়।
ছেলে হত্যাকারীদের বিচার দাবি করেন আব্দুস সোবহান।
লাভলুর জানাজা ও দাফনের সময় কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুন্নবী চৌধুরী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ওসি মাহফুজুর রহমান, দিয়াডাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
লাভলু সোমবার নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে হেফাজতকর্মীদের অতর্কিত আক্রমনে লাভলু হোসাইন গুরুতর আহত হন এবং পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ছোটবেলা থেকেই লাভলু মিশুক ও সরল প্রকৃতির ছিলেন।
