২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বৃহস্পতিবার আধাবেলা হরতাল

একটি মাজার শরীফে ওরসের কারণে পঞ্চগড়ে বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল আধাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নেতারা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, ওরসের কারণে পঞ্চগড়ে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে।

তিনি বলেন, “আটোয়ারী উপজেলার মির্জাপুরে বার আউলিয়ার মাজার শরীফে বার্ষিক ওরসের কারণে ১৮ দলের স্থানীয় নেতারা  এ সিদ্ধান্ত নিয়েছেন।”

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা জাকির হোসেন, জেলা যুবদল সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী উপস্থিত ছিলেন।

পুলিশি অভিযানে হেফাজতের কর্মী ‘হতাহতের’ ঘটনায় বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।