২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিহতের সংখ্যা আটশ’ ছাড়াল

রানা প্লাজা ধসে পড়ার পঞ্চদশ দিনেও  ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক লাশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 10:32 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

সাম্প্রতিক বিশ্বের ‘ভয়াবহতম’ এই ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ জনে।

রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে উদ্ধার অভিযানের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬৬টি লাশ।

নিখোঁজদের স্বজনরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বহু লাশ চাপা পড়ে আছে। ভবন ধসের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও  ধ্বংসস্তূপ ও অধর চন্দ্র বিদ্যালয় মাঠে লাশের অপেক্ষায় রয়েছেন তারা।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে বুধবার বিকাল সোয়া ৪টায় জানানো হয়, ওই সময় পর্যন্ত ৫৮০ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার কাজ শেষ হতে আরো কয়েক দিন লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। যাদের সঙ্গে পরিচয়পত্র বা মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, তার মাধ্যমেই চেষ্টা চলছে পরিচয় নিশ্চিত করার।

গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন।

আগের দিন ভবনে ফাটল দেখা দিলেও পরদিন ভয়-ভীতি দেখিয়ে সেখানে কাজ করতে বাধ্য করা হয় বলে বেঁচে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন।