‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু শিগগিরই’
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ শিগগিরিই শুরু হবে বলে আশা করেন জাতীয় সংসদের নতুন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি একথা বলেন।
‘অন্তর মম বিকশিত কর অন্তর তর হে’- শোগ্লানে সকাল ১১টায় রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে তিনদিনব্যাপী কর্মসূচি উদ্ধোধন করেন শিরিন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্পিকারকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। অভিনন্দনপত্র পাঠ ও প্রদান করেন অধ্যাপক নাজিম উদ্দিন মালিথা।
এরপর রবীন্দ্র অন্বেষা স্মরণিকা উন্মোচন করেন স্পিকার।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণার পুনরাবৃত্তি করে স্পিকার বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মন্ত্রনালয়ের একটি উচ্চ পর্যায়ের টিম ইতোমধ্যেই এই এলাকা পরিদর্শন করেছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার, চয়ন ইসলাম, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, রবীন্দ্র সংগীত শিল্পী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী প্রমুখ।
পরে একই মঞ্চে সিরাজগঞ্জ ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এদিকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সাত দিনব্যাপী রবীন্দ্র মেলা শুরু হয়েছে।
সংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই মঞ্চে তিনদিন ধরে চলবে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, গান, নাটক, চিত্রাংকন, গীতিনাট্য, কাব্যনাট্য, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান।
এ উপলক্ষে শাহজাদপুরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
