২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারুলের মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আগামী ৩০ জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ নির্দেশ দেয়।

সকালে আজহারুলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এ সময় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময়ের আবেদন করা হয়।

তার আবেদন শুনে আগামী ৩০ জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন বিচারক।

গত ১১ ফেব্রুয়ারি আজহারুলকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হকসহ অন্য কর্মকর্তারা।

এর আগে গতবছরের ২ ডিসেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।