২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালে চলছে গণপরিবহন

বিরোধীদলীয় জোটের হরতালের প্রথম দিনে বন্দরনগরীতে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 06:09 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

বুধবার সকাল থেকে নগরীর কাজীর দেউড়ি থেকে নেভাল অ্যাভিনিউ পর্যন্ত নগর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ।

ওই সড়কে দলের নগর কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের চারপাশে পুলিশের উপস্থিতি থাকলেও তারা বাধা দিচ্ছে না।

এদিকে, হরতাল সমর্থকরা সকালে নগরীর আলমাস সিনেমা হল মোড় এবং কাজীর দেউড়ি মোড়ে দুইটা অটোরিক্সা ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর বাইরে ১৮ দলীয় জোটের শরিক অন্য কোনো দলের নেতাকর্মীদের

হরতালের সমর্থনে কোনো তৎপরতা দেখা যায়নি।

সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। রিকশা, অটোরিকশার পাশাপাশি বাসও চলতে দেখা গেছে।

বন্দরনগরী থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর বিভিন্ন ব্যাংক-বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।