হরতালে গাজীপুরে গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালে গাজীপুরের কালীগঞ্জে দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।
আর হরতাল শুরুর আগেই মঙ্গলবার গভীর রাতে বাঘাট এলাকায় ঢাকা-ঘোড়াশাল সড়কে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যান পুড়িয়ে দেয়া হয়।
পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আগুন নেভায়।
গাড়ি পোড়ানের এ দুটি ঘটনা ছাড়া গাজীপুরে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। ঢাকায় পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে ডাকা এই হরতাল চলছে অনেকটাই ঢিলেঢালাভাবে।
হরতালে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও গাজীপুর থেকে অভ্যন্তরীণ সড়কে বাস, টেম্পু, রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
কল-কারখানা, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ দোকান-পাট ও বিপনী-বিতান খোলা রয়েছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সব ধরনের ব্যবস্থাই নেয়া হয়েছে।
