বিদেশিদের সঙ্গে করা সব চুক্তি সংসদীয় কমিটিতে তোলার দাবি
বর্তমান সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদীয় কমিটিতে উপস্থাপনের দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।
তবে এই দাবির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সুষ্পষ্ট জবাব দেয়া হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি তোলেন কমিটির বিরোধীদলীয় সদস্য মাহবুব উদ্দিন খোকন।
তিনি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে। এসব চুক্তি সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। সংসদে এসব চুক্তি উত্থাপনের জন্য বহুবার বলা হলেও সরকার কর্ণপাত করেনি।
“তাই আমি দাবি করেছি অন্তত সংসদীয় কমিটিতে যাতে এসব চুক্তি উপস্থাপন করা হয়।”
খোকনের দাবির বিষয়ে কমিটির সরকারদলীয় সদস্য ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, “যে কাজ তারা নিজেরা করেনি, সেটা অন্যকে করতে বলা অর্থহীন।”
পররাষ্ট্র মন্ত্রণালয়েরা পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে এ বিষয়ে কিছুই বলেননি।”
গত ৬ মার্চ সংসদে বিদেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এ পর্যন্ত ৩৭টি দেশের সঙ্গে মোট ১৩৮টি চুক্তি/সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ২৫টির বেশি চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর দেওয়া জবাবের তথ্য থেকে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সৌদি আরবের সঙ্গে ২টি, তুরস্কের সঙ্গে ১১টি, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২টি, ইরানের সঙ্গে ২টি, জর্ডানের সঙ্গে ২টি, কুয়েতের সঙ্গে ৭টি, ইন্দোনেশিয়ার সঙ্গে ১টি, মালয়েশিয়ার সঙ্গে ৪টি, মায়ানমারের সঙ্গে ২টি (সরকারি ও বেসরকারি), ভিয়েতনামের সঙ্গে ৪টি (১টি বেসরকারি), লাওসের সঙ্গে ১টি, থাইল্যান্ডের সঙ্গে ৩টি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১টি, কানাডার সঙ্গে ৩টি, চিলির সঙ্গে ১টি, ভারতের সঙ্গে ২৫ টির বেশি, মরিশাসের সঙ্গে ১টি, মিশরের সঙ্গে ১টি, দক্ষিণ সুদানের সঙ্গে ১টি, রুয়ান্ডার সঙ্গে ১টি, মরক্কোর সঙ্গে ১টি, চীনের সঙ্গে ১২টি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১৩টি, জাপানের সঙ্গে ৬টি, অস্ট্রেলিয়ার সঙ্গে ১টি, উত্তর কোরিয়ার সঙ্গে ১টি, ক্রোয়েশিয়ার সঙ্গে ১টি, জার্মানির সঙ্গে ১টি, নরওয়ের সঙ্গে ১টি, বেলারুশের সঙ্গে ১২টি, রাশিয়ার সঙ্গে ৯টি, ইউক্রেনের সঙ্গে ২টি, গ্রিসের সঙ্গে ২টি, সুইজারল্যান্ডের সঙ্গে ১টি, নেদারল্যান্ডসের সঙ্গে ১টি চুক্তি হয়েছে।
এদিকে বর্তমান সংসদের মেয়াদ শেষের দিকে এলেও কমিটি মাত্র ১৫টি বৈঠক করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত ৫৩টি বৈঠক হওয়ার কথা। কিন্তু তা হয়নি। এর থেকে প্রমাণ হয় বর্তমান সরকার সংসদের কার্যকারিতায় বিশ্বাস করে না।”
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনা সহ আনুষাঙ্গিক বিষয়ের জন্য আলাদা তহবিল গঠনের সুপারিশ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা ৭ হাজার ৩৮৬।
কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহ’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ইমাজ উদ্দিন প্রামানিক, ইমরান আহমেদ, নসরুল হামিদ, নাজমা আক্তার, মাহবুব উদ্দিন খোকন, সাইফুজ্জামান চৌধুরী অংশ নেন।
