২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণের পূর্বাভাস

উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রয়েছে। সেই সঙ্গে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সবকটি বিভাগের অনেক এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় হাতিয়ায় ১২৯ মিলিমিটার।

এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কুতুবদিয়ায় ১১২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়।

বুধবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এক বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।