সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। পাশাপাশি পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উদ্বেগের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সংহিস পরিস্থিতি লক্ষ্য করছেন এবং রোব ও সোমবারে ঢাকা শহরের ঘটনাবলীতে মানুষের মৃত্যুতে শোকাভিভূত হয়েছেন।
পাশাপাশি ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের গঠনমূলক আলোচনায় মাধ্যমে সব ধরনের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
গত রোব ও সোমবার রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। সহিংসতায় বিজিবি ও পুলিশের চার সদস্যসহ কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটে।
হেফাজতের কর্মীরা তাদের সমাবেশের দিন বায়তুল মোকাররমের তিন পাশে অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়। আগুনে পুড়েছে পুরানা পল্টনে সিপিবি ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বেশ কিছু গাড়ি।
