২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে হেফাজত

মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার সারাদেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

একইসঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজত।

জুনাইদ বাবুনগরী মাদ্রাসার শিক্ষক। চট্টগ্রামভিত্তিক হেফাজতের আমির শাহ আহমদ শফী এই মাদ্রাসারই মহাপরিচালক। 

গত রোববার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজতকর্মীদের সাঁড়াশি অভিযানে তুলে দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম কর্মসূচি।

হেফাজতকর্মীরা ঢাকা অবরোধের পর রোববার পল্টন ও গুলিস্থান এলাকায় তাণ্ডব চালায়, এই সহিংসতায় নিহত হয় কয়েকজন। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য দোকান ও গাড়ি। 

এরপর হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তুলে দেয়। তখন সংঘাতে নিহত হন অন্তত আটজন। 

এই অভিযানে সহস্রাধিক হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকে হেফাজতের কর্মসূচিতে সমর্থন দেয় বিএনপি নেতৃত্বাধীন জোট।

সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ঢাকায় হেফাজতকর্মীদের ‘হত্যায়’ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরী, হাফেজ শামসুল আলম, মুফতি হারুণ ইজাহার প্রমুখ।

মতিঝিল থেকে উঠিয়ে দেওয়ার পর সোমবার বিকেলে পুলিশ পাহারায় চট্টগ্রামগামী বিমানে তুলে দেওয়া হয় আহমদ শফীকে, রাতে গ্রেপ্তার করা হয় জুনাইদ বাবুনগরীকে।


শফীকে আটকের গুজবে সোমবার হাটহাজারীতে মাদ্রাসাছাত্র ও হেফাজতকর্মীরা ভাংচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে নিহত হন অন্তত পাঁচজন।

অন্যদিকে মতিঝিল থেকে সরে হেফাজতকর্মীরা নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সেখানে সংঘর্ষে নিহত হন অন্তত ১৪ জন।

এছাড়া বাগেরহাটেও হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন একজন।

শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে আন্দোলনে নামে। পরে তারা ১৩টি দাবি তোলে, যা ‘নারীবিরোধী’ বলে সমালোচিত।

নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে আসা হেফাজতের ‘আড়ালে’ জামায়াতে ইসলামী সক্রিয় বলে সরকার বলে আসছে।

পুরনো খবর:

বাবুনগরী ৯ দিনের হেফাজতে