হকারদের ২৫ হাজার টাকা করে দেয়ার সুপারিশ
হেফাজতে ইসলামের তাণ্ডবে পল্টন এলাকায় ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি এবং তাদের পুনর্বাসনে জনপ্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতা দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, এখন পর্যন্ত প্রাথমিকভাবে ৬৯০ জন ক্ষতিগ্রস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। তবে সংসদীয় কমিটি সংশ্লিষ্ট কতৃপক্ষকে হকার সমিতির সঙ্গে আলোচনা করে তালিকা চূড়ান্ত করতে বলেছে।
কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ ব্যাপারে হকার সমিতির সাথে আলোচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে বলা হয়েছে। তালিকা তৈরি হলে জনসমক্ষে মন্ত্রণালয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা করে সহযোগিতা দেয়ার সুপারিশ করেছে কমিটি।”
রোববার মতিঝিল শাপলা চত্ত্বরে সমাবেশকে কেন্দ্র করে মতিঝিল, পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় বায়তুল মোকাররম ও পল্টনে বইয়ের দোকানসহ ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভ্ন্নি মালামালে আগুন ধরিয়ে দেয়া হয়। একই সময় সিপিবি অফিসসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ভবনেও আগুন দেয় হেফাজতকর্মীরা।
বৈঠকের শুরুতেই দেশব্যাপী জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের সৃষ্ট তাণ্ডবের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, হাফিজ আহমদ মজুমদার, শেখ মুজিবুর রহমান, ফরিদুন্নাহার লাইলী এবং নাসরিন জাহান অংশ নেন।
