নায়েক ফিরোজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নারায়ণগঞ্জের কাঁচপুরে সোমবার হেফাজতের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশের নায়েক ফিরোজ খানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে লাশ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের বাড়ি আনা হয়।
মঙ্গলবার সকাল ৭টায় পাশের কুচিয়া গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে কুচিয়া কবরস্থানে তাকে রাষ্ট্রীয় দাফন করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ফিরোজ খান গোপালগঞ্জ পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত ছিলেন।
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির পরদিন সোমবার অন্যদের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কর্তব্যরত ছিলেন। এ সময় তিনি মারা যান।
তিনি বলেন, ফিরোজ খানের আশি বছর বয়সী মা রুমী বেগম, স্ত্রী রেবেকা বেগম ও দুই ছেলে রয়েছে।
বড় ছেলে আব্দুস সবুর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসা এবং ছোট ছেলে ইমামুল আলফাডাঙ্গা কলেজে লেখাপড়া করে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে সবাই ভেঙে পড়েছেন।
