রানা প্লাজার শ্রমিকদের বিক্ষোভ, বেতনের আশ্বাস
বেতন-ভাতার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সাভারের ভবন ধসের ঘটনায় বেঁচে যাওয়া পোশাক শ্রমিক এবং নিহতদের স্বজনরা।
সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের কারণে সকাল সোয়া ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে উদ্ধার অভিযানের চতুর্দশ দিনে আরো ২০টি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৭ জনে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
উদ্ধারকর্মীরা জানান, কংক্রিটের স্তূপ থেকে এখন যেসব লাশ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে।
নয় তলা ভবনটির তৃতীয় তলা থেকে ওপরে নিউ ওয়েভ বটম লিমিটেড, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম ট্যাক ও ইথার টেক্স লিমিটেড নামে পাঁচটি গার্মেন্ট ছিল। গত ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা ধসে পড়ে, তখনও কারখানাগুলোতে কাজ চলছিল।
৭ মের মধ্যে রানা প্লাজার কারখানা শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ সোমবার এক সংবাদ সম্মেলনে জানায়, শ্রমিকদের পুরো তালিকা হাতে না পাওয়ায় মঙ্গলবার বকেয়া বেতন দেয়া সম্ভব হচ্ছে না।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানান, পাঁচটি তৈরি পোশাক কারখানার মধ্যে দুটির কর্মীদের তালিকা পেয়েছেন তারা। এর মধ্যে নিউ ওয়েভ অ্যাপারেলসে কর্মীসংখ্যা ১ হাজার ৫৪৩ জন, আর নিউ ওয়েভ বটমসে ৫৯৮ জন।
সবগুলো কারখানার তালিকা পেলেই বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এ খবরে বিক্ষুব্ধ শ্রমিক ও নিহতদের স্বজনরা সকালে রানা প্লাজার ধ্বংস্তূপ থেকে মাত্র দুইশ মিটার দূরে রাজ্জাক প্লাজার সামনে অবস্থান নেন। ফলে সোয়া ১০টার দিকে ঢাকা আরিচা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে পরিদর্শক আমিনুর রহমান জানান।
নিউ ওয়েভ বটমসের কোয়ালিটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, “বিজিএমইএ কর্তৃপক্ষ আমাদের এক মাসের বকেয়া বেতন দিয়ে বিদায় করতে চাইছে। কিন্তু আমরা নিয়ম অনুযায়ী লে অফ সুবিধার চার মাসের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও চাই। আশুলিয়ার তাজরিন ফ্যাশনসের আগুন লাগার পর সেখানে শ্রমিকদের পুরো পাওনাই দেয়া হয়েছিল।”
একই কারখানার ফিনিশিং সেকশনের সুপারভাইজার আরিফ হোসেন বলেন, আহত শ্রমিকদের অনেকেই অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা চালাতে পারছে না। তাদের চিকিৎসার ব্যয়ও কারখানা মালিকদের দিতে হবে।
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে সড়কের দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। নিহত শ্রমিকদের ছবি হাতে নিয়ে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন।
অবরোধের খবর পেয়ে জেলা প্রশাসক শেখ ইউসফু হারুন ঘটনাস্থলে এসে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি কেবল এক মাসের বকেয়া বেতনের কথা বললে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে ওঠে।
কিছুক্ষণ পর জেলা প্রশাসক মাইকে ঘোষণা দেন, সাভারের ২০ মাইল সেনাবাহিনীর মাঠে বিকাল ৩টায় শ্রমিকদের দাবি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ ও পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা বেলা সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে ২০ মাইল মাঠের দিকে চলে যায়। এর পরপরই যান চলাচল শুরু হয় বলে পরিদর্শক আমিনুর রহমান জানান।
