রাজশাহীর ৮ জেলায় ঢিলেঢালা হরতাল
রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতে ইসলামীর ডাকে ঢিলেঢালা হরতাল চলছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও রাজশাহী মহানগর শিবিরের দপ্তর সম্পাদক আরোয়ারুল ইসলাম মাসুমের সন্ধান দাবি করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, জামায়াত-শিবির কর্মীরা সকালে নগরীর খড়খড়ি এলাকায় যান চলাচলে বাঁধা দেয়ার চেষ্টা করে । পরে সেখানে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, নগরীর কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে নগরীতে ভারী যানবাহন না চললেও রিকশা, অটোরিকশাসহ সব ধরনের হাল্কা যান চলছে।
হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান রাজশাহী রেলস্টেশন মাস্টার আমজাদ হোসেন।
চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় রাজশাহী স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকালে শহরের শিবতলা এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি পিটিআই এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এছাড়া শহরের আর কোথাও হরতালের সমর্থনে কোনো কর্মকাণ্ড দেখা যায়নি।
হরতালে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কর্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্য পরিবহন বন্ধ আছে বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব একরামুল হক।
সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে রিকশা, অটোরিকশাসহ হাল্কা যানবাহন চলছে।
শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ ও র্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিবি) সদস্যরা টহল দিচ্ছে।
রাজশাহী বিভাগের অন্যান্য জেলাও হরতালে কোনা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন।
