সিলেটে বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল
ঢাকায় হেফাজতে ইসলামের কর্মসূচিতে পুলিশি ‘নির্যাতনের’ প্রতিবাদে সিলেট জেলায় বুধবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
হেফাজতকর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘হামলা ও নির্বিচারে হত্যার’ প্রতিবাদে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ হরতাল ডাকে বিএনপির দুই সহযোগী সংগঠন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান জামান জানান, ঢাকা ও কাঁচপুরে গুলি করে হেফজতকর্মীদের হত্যা ও আহত করার প্রতিবাদে সিলেট জেলায় বুধবার সকাল ৬ টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল পালন করা হবে।
তিনি বলেন, গুলিতে সিলেটের হেফাজতে ইসলামের অনেক কর্মী আহত ও নিহত হয়েছেন। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল জানান, স্বেচ্ছসেবক দলের হরতালে ছাত্রদলও সমর্থন দিয়েছে।
