জলিলের আসনে বিজয়ী মালেক
আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক।
মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর মালেককেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটির সংসদীয় বোর্ড।
নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করে তাতে ২৫ মে ভোটের দিন রাখা হলেও তার আর প্রয়োজন পড়ছে না বলে নির্বাচন কর্মকর্তারা জানান।
মালেক ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, আব্দুস সাত্তার টিকাদার, প্রকৌশলী আব্দুল বারী ও বিএনপি নেতা কাউন্সিলর মো. ফারুকুজ্জামান ফারুক মনোনয়নপত্র জমা দিলেও বিভিন্ন কারণে তাদের সবার আবেদন বাতিল হয়ে যায়। তোফাজ্জল হোসেন ও আব্দুল বারি আপিল করলেও রোববার তা নাকচ করে নির্বাচন কমিশন।
সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে অংশ না নেয়া বিএনপি এ নির্বাচনেও দলীয়ভাবে কোনো প্রার্থী দেয়নি।
সদর উপজেলার এই আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪০ হাজার ২৬৯ জন।
