তারা পান করে ঝিরির ‘দূষিত’ পানি
বান্দরবান সদরের একটি প্রত্যন্ত এলাকা সুয়ালক আমতলী মারমা পাড়া।
পাহাড়ের অনেক গ্রামের মতো এখানেও রয়েছে সুপেয় পানির তীব্র অভাব। এলাকার মানুষকে পান করতে হয় ঝিরির ‘দূষিত’ পানি। তাই বছরের বেশিরভাগ সময় তারা নানা ধরনের পীড়ায় ভোগে।
৩/৪টি রিংওয়েল থাকলেও সেগুলো অকেজো হয়ে আছে। জিএফএস পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থাও রয়েছে বন্ধ।
সুয়ালক আমতলী মারমা পাড়ার শিক্ষার্থী কালাসে মারমা বলেন, তাদের গ্রামে রয়েছে ১২৭টি পরিবার। গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সুয়ালক ঝিরি। তারা এই ঝিরির পানি পান করেন।
ঝিরিতে গর্ত করে খাবার পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানীয় জলের আর কোনো ব্যবস্থা নেই।
এই ঝিরির পানিতেই তারা গোসল করেন, কাপড়-চোপড় পরিষ্কার করেন।
স্থানীয় তরুণী উক্রাচিং মারমা বলেন, “আমাদের গ্রামে ঝিরির বিকল্প সুপেয় পানির কোনো উৎস নেই। ঝিরির দূষিত পানি পান করে বছরে অধিকাংশ সময়ই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত থাকে এলাকার লোক।”
তিনি বলেন, রিংওয়েল অকেজো এবং জিএফএস পাইপের পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকায় ঝিরির পানি পান করতে হচ্ছে।
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, পার্বত্য এলাকার ভূপ্রকৃতি ভিন্ন। এখানে ত্রিশ শতাংশ পাথুরে ভূমি। যেকোনো স্থানে রিংওয়েল বসানো যায় না। ভিন্ন প্রযুক্তিতে পানি সরবরাহের মাধ্যমে এই সংকটের মোকাবেলা করতে হবে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মংতেঝ বলেন, দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড, জন্ডিস, আমাশয়সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
বর্ষার প্রথম দিকে এসব রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, কারণ পাহাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে ভেসে আসে ঝিরিতে।
