সীতাকুণ্ডে মহাসড়কে হেফাজতের ভাংচুর
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম সড়কে ব্যাপক ভাংচুর চালিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার গভীর রাতে হেফাজত ইসলামের কর্মীরা মহাসড়কে প্রায় অর্ধশতাধিক যান ভাংচুর করে ও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
ফকিরহাট এলাকায় একটি লরি ও দুইটি কাভার্ড ভ্যান এবং সীতাকুণ্ড বাইপাস এলাকায় দুইটি ট্রাকে আগুন দেয়া হয়েছিল।
তিনি জানান, এ সময় দমকল বাহিনীর সদস্যরা মো. মনির (৩০) নামে এক কাভার্ড ভ্যান ড্রাইভারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয়রা জানান, রাতে হেফাজত ইসলামের কর্মীদের সাথে জামায়াত শিবির কর্মীরা এ তাণ্ডবে অংশ নেন।
এদিকে, রোববার বিকাল থেকে হেফাজতকর্মীদের অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজত কর্মীরা সকালে রাস্তায় নেমে অবস্থান নিলেও এখন তারা উঠে গেছে।
বর্তমানে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাঁশখালী উপজেলার চাম্বল, শেখের খিল, বৈলছড়িসহ কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলে জামায়াত-শিবির কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এজন্য বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে কোনো যান চলাচল করেছে না বলেও জানান তারা।
তবে, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় কওমী মাদ্রামার শিক্ষার্থী এবং হেফাজতকর্মীরা মাদ্রাসায় সড়ক অবরোধ করার চেষ্ঠা করলে পুলিশ তাদের উঠিয়ে দেয়।
এছাড়া পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, নগরীতে যেকোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. মিজানুর রহমান।
