২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর পাশের গ্রামে বাড়ি, তাই হেফাজতের আপ্যায়ন

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পাশের গ্রামে বাড়ি হওয়ায় হেফাজতকর্মীদের হাতে আপ্যায়িত হলেন এক ভ্যান চালক। পাউরুটি, কলার সঙ্গে দুটি পানির বোতলও জোটে তার কপালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 10:08 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

যাত্রাবাড়ি থেকে রোববার সকালে দুটি ঝুড়িতে দুইশ’ মুরগি নিয়ে ভুলতার গাউছিয়া যাচ্ছিলেন ভ্যান চালক মান্নান। ৮টার দিকে ডেমড়া ব্রিজের কাছে আসতেই তাকে আটকে দেন হেফাজত কর্মীরা এর পর থেকেই রাস্তার পাশে অপেক্ষা করছিলেন মান্নান, কখন ছাড়া পাবেন।

মুরগিগুলো গন্তব্যে পৌঁছে দিলে পাবেন ছয়শ’ টাকা।

এ জন্য কিছুক্ষণ পরপরই হেফাজতকর্মীদের কাছে অনুনয়-বিনয় করতেও দেখা যায় মান্নানকে। “মুরগিগুলান মাইরা যাইব ভাই, দয়াকরি যেতে দেন”।

এতে উল্টো বাঁশের লাঠির সঙ্গে লোহার রড দেখিয়ে এই ভ্যান চালককে শাসাতে দেখা যায়। অসহায়ের মত ভ্যানের পাশেই কয়েক ঘণ্টা বসে থাকার পর কয়েকজন হেফাজতকর্মী এসে জানতে চান তার বাড়ি কোথায়। “পিরোজপুর”- উত্তরটা শুনেই যেন আগ্রহ বেড়ে গেল ওই হেফাজতকর্মীদের।

এরপর মান্নান তার পুরো ঠিকানা বলতে থাকেন- “থানা- জিয়ানগর, ইউনিয়ন- বালিয়াপাড়া, গ্রাম- কলারনচণ্ডিপুর।”

মাওলানা সাঈদী সাবকে চেনেন?-  এক হেফাজত কর্মীর এমন প্রশ্নে মান্নান বলেন, “আমার ঠিক পাশের গ্রামেই তার বাড়ি। আমি তাকে চিনি।” সঙ্গে সঙ্গেই এক হেফাজতকর্মী তার জন্য নিয়ে আসেন একটি পাউরুটি, কলা আর দুটি পানির বোতল। তা দিয়েই ‘আপ্যায়িত’ হন এই ভ্যান চালক।

অবশ্য ‘সাথী ভাইদের’ কারণে ছাড়া পাচ্ছিলেন না মান্নান। এ জন্য ওই হেফাজতকর্মীকে আক্ষেপও করতে দেখা যায়।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মান্নান বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ দেখিছি। আইজকার ঘটনাও দেখতাছি, বুকটায় পার মারতে ইচ্ছা করতাছে।”

শুধু মান্ননের মুরগিবাহী ভ্যান নয়, ডেমরায় অবরোধের সময় হেফাজতকর্মীরা সবজি, খাবার, মাছ-মাংস থেকে শুরু করে সব ধরনের পণ্যবাহী গাড়ি আটকে দেয়।

মোটরসাইকেল এবং সাইকেল আরোহীদেরও সাইকেল ঠেলে নিতে হয়েছে হেফাজতের লাঠিয়াল-কর্মীদের বাধার মুখে।